নির্বাচনের জন্য এপ্রিল উপযোগী নয়, ব্যাখ্যা মির্জা ফখরুলের - দিগন্ত জার্নাল

নির্বাচনের জন্য এপ্রিল উপযোগী নয়, ব্যাখ্যা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, (৭ জুন ২০২৫) জাতীয় নির্বাচনের সময় হিসেবে এপ্রিল মাস উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহার দিন সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “এপ্রিল মাস বাংলাদেশে প্রচণ্ড গরমের সময়। সেই সঙ্গে ঝড়-বৃষ্টি, রোজার পরে ক্লান্তি, পাবলিক পরীক্ষা—সব মিলিয়ে এ সময়টি জাতীয় নির্বাচনের জন্য কোনোমতেই উপযোগী নয়। নির্বাচনি প্রচারণা রোজার মধ্যে হলে তা আরও কঠিন হয়ে পড়বে।”

তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটি ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে এবং তারা মনে করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করলেই সেটি জাতির জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে।

২০২৬ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের দাবি ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন। জনগণেরও সেই প্রত্যাশা ছিল। সেটি পূরণ হয়নি।”

এর আগে মির্জা ফখরুলসহ দলের শীর্ষ নেতারা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা।

মির্জা ফখরুল দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই দিনে আমরা ত্যাগের মাধ্যমে সত্যকে অন্বেষণ করি। কাজী নজরুল ইসলামের কবিতার ভাষায়, ‘ওরে হত্যা নয় আজি, সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন’। ঈদ আমাদেরকে মহৎ পৃথিবী গড়ার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগে প্রতি ঈদে জিয়ার মাজার জিয়ারত করতেন, বর্তমানে তার অনুপস্থিতিতে দলের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

an adbox will go here