বিএমইউ ঈদুল আজহার ছুটির দিনগুলোতে বাড়তি সেবা দেবে
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, (৭ জুন ২০২৫) ঈদুল আজহার সরকারি ছুটির দিনগুলোতে তিনদিন বাড়তি সেবা প্রদান করবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ৫, ৮ এবং ১১ জুন এই সেবা প্রদান করা হবে, যেখানে বহির্বিভাগ রোগীদের জন্য চিকিৎসাসেবা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রদান করা হবে।
বিএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন যাতে ছুটির দিনে চিকিৎসাসেবা প্রদান ও ব্যবস্থাপনায় কোনো ঘাটতি না হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিনগুলোতে ইনডোর ও জরুরি বিভাগসহ হাসপাতালের ল্যাব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে, ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন, অর্থাৎ ঈদুল আজহার পরবর্তী দিনগুলোতে বহির্বিভাগ বন্ধ থাকবে। এর মধ্যে ১৩ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বহির্বিভাগ বন্ধ থাকবে।
এছাড়া, ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিসও বন্ধ থাকবে।