ঈদে মুসলিম জাতীয়তাবাদী নেতাদের পক্ষে গরু কুরবানি জাতীয় বিপ্লবী পরিষদের
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, (৮ জুন ২০২৫) বাংলাদেশ ও পাকিস্তানের ছয় মুসলিম জাতীয়তাবাদী নেতার পক্ষে ঈদুল আজহার দিনে রাজধানী ঢাকায় গরু কুরবানি দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। শনিবার (৭ জুন) মিরপুরে দলটির নেতারা এই প্রতীকী কুরবানি দেন।
কুরবানিটি উৎসর্গ করা হয়েছে নবাব স্যার সলিমুল্লাহ, আল্লামা ইকবাল, মুহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা এ কে ফজলুল হক, খাজা নাজিমউদ্দীন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি।
আয়োজনে নেতৃত্ব দেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তপু তৌহিদ ও রাজু আহমেদ সদর প্রমুখ।
মোহাম্মদ শামসুদ্দিন বলেন, “ব্রিটিশ উপনিবেশ থেকে মুসলমানদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় যে নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছেন, তাদের স্মরণেই এই কুরবানি। এই কুরবানির মাধ্যমে আমরা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতার পথ সহজ ছিল না—এটি রক্ত ও ত্যাগে গড়া।”
সাইয়েদ কুতুব বলেন, “আমরা ২৪ জুলাইয়ের বিপ্লবের পর যে জাতীয় বিপ্লবী পরিষদ গঠন করেছি, তার মূল আদর্শ মুসলিম জাতীয়তাবাদ। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের দিনে আমাদের পূর্বসূরি নেতাদের পক্ষ থেকে কুরবানি দিয়েছি। আমরা চাই, জনগণ যেন ব্রিটিশবিরোধী মুসলিম জাতীয়তাবাদী সংগ্রামের ইতিহাস ভুলে না যায়।”
তিনি আরও জানান, এ বছর শুধু রাজধানীতে আয়োজন করা হলেও আগামীতে সারা দেশেই এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
জাতীয় বিপ্লবী পরিষদের এই কর্মসূচি রাজনৈতিক মহলে ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, মুসলিম জাতীয়তাবাদী ঐতিহ্যের চেতনায় বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতেই এই প্রতীকী কর্মসূচি।