আবারও কোভিডে আক্রান্ত নেইমার - দিগন্ত জার্নাল

আবারও কোভিডে আক্রান্ত নেইমার

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ- ০৮ জুন ২০২৫
বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানার একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রথম জানা যায় নেইমারের কোভিডে আক্রান্ত হওয়ার খবর। তিনি লেখেন, “নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস তাদের বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার তার শরীরে উপসর্গ দেখা যায়, ফলে তিনি অনুশীলনে যোগ দেননি। সোমবার আবার পরীক্ষা করা হবে।” রোমানার এই বার্তার পর ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘গ্লোবো’ খবরটি নিশ্চিত করে জানায়, নেইমারের ক্লাব সান্তোস এক বিবৃতিতে তার কোভিড সংক্রমণের বিষয়টি স্পষ্ট করেছে।

সান্তোসের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকেই নেইমারের জ্বর শুরু হয়। কয়েক দফা পরীক্ষা শেষে ক্লাবের মেডিকেল স্টাফরা নিশ্চিত করেন, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই তাকে দলের অন্যান্য সদস্যদের থেকে আলাদা রাখা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতেই নিভৃতবাসে আছেন।

এ অবস্থায় সান্তোসের বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি নেইমার। তার অবস্থার উন্নতি পর্যবেক্ষণের জন্য আগামী সোমবার আবার একটি মেডিকেল পরীক্ষা করা হবে। এর মধ্যে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে তার যোগ দেওয়ার কথা থাকলেও, আপাতত সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। নেইমার এর আগেও ২০২১ সালের মে মাসে, যখন তিনি পিএসজিতে ছিলেন, তখন কোভিডে আক্রান্ত হয়েছিলেন। ফলে এটি তার দ্বিতীয়বার এই ভাইরাসে সংক্রমণ।

an adbox will go here