কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী দাফন
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, (৯ জুন ২০২৫) কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (৯ জুন) বাদ আছর ছাতিহাটি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে কাদের সিদ্দিকীর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
এর আগে রোববার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে নাসরিন সিদ্দিকীর মরদেহ কালিহাতীর ছাতিহাটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
দাফন অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, কাদের সিদ্দিকীর ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, মুরাদ সিদ্দিকী, আজাদ সিদ্দিকীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।