মেইনস্ট্রিম মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ আসিফ মাহমুদের
দিগন্ত জার্নাল ডেস্ক
সোমবার, (৯ জুন ২০২৫) দেশের অনেক মেইনস্ট্রিম মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “আমাদের কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। মুক্তিযোদ্ধা অধ্যাদেশ নিয়েও অপপ্রচার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় এমনটা হতে পারে, কিন্তু মূলধারার গণমাধ্যম এ ধরনের কাজ কীভাবে করতে পারে? অনেকে রাজনৈতিকভাবে প্রণোদিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছেন।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “ইতিপূর্বে আমার পরিবার ও বাবাকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। চাঁদপুরের একটি ঘটনাকে আমাদের পারিবারিক ঘটনা হিসেবে উপস্থাপন করে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এসবের পেছনে যারা জড়িত, আমরা তাদের নোট করে রাখছি। আমি একজন নাগরিক হিসেবে এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের রোডম্যাপ এখনো দেওয়া হয়নি। আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে, সেই তারিখ সামনে রেখেই রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন।”
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, “সরকার প্রথম থেকেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে চেয়েছে। বিভিন্ন স্তরের স্থানীয় সরকার রয়েছে। আমরা কতটা করতে পারব, সেটা বিবেচনা করে সরকার নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে। অনেক রাজনৈতিক দলের শঙ্কা ছিল, স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে। এখন তো সে সম্ভাবনা নেই। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।”
তিনি আরও বলেন, “জনসাধারণ স্থানীয় সরকার থেকে যেসব সেবা পেত, তা এখন থমকে আছে। জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, মানুষ বঞ্চিত হচ্ছে। এটি আমাদের অন্যতম বড় কনসার্ন।”