রাজা এখনো মাঠে, মুকুট রোনালদোরই - দিগন্ত জার্নাল

রাজা এখনো মাঠে, মুকুট রোনালদোরই

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ- ০৯ জুন ২০২৫
ক্রিস্টিয়ানো রোনালদো যেন সময়কে থামিয়ে রেখেছেন। বয়স চল্লিশ ছুঁইছুঁই, কিন্তু মাঠে নেমে তা যেন ভুলিয়ে দেন তিনি। নেশন্স লিগের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে পর্তুগাল যখন শিরোপা জেতে, সেদিনও আলাদা আলোয় ছিলেন রোনালদো।

এদিন গোলের পর সিউ-উদযাপন নয়—ঠোঁটে আঙুল তুলে গ্যালারিকে চুপ করিয়ে দেন। বুকের কাছে আঙুল তুলে বুঝিয়ে দেন, ‘আমি এখনো নাম্বার ওয়ান।’ যেন বলে দেন, “রাজ্য বদলালেও রাজা বদলায় না।”রোনালদোর চোখে জল ছিল ম্যাচ শেষে। বললেন,“এ জয়টা আমাদের নতুন প্রজন্মের প্রাপ্য। আমার স্ত্রী, ছেলে, মা, বন্ধুরা সবাই মাঠে এসেছে। দেশের হয়ে শিরোপা জেতার আনন্দ সব সময়ই আলাদা।”

২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে জিতেছেন ৩২টি ট্রফি। পর্তুগালের হয়ে ২০১৬ ইউরো, ২০১৯ ও ২০২৫ নেশন্স লিগ। কিন্তু বিশ্বকাপ? এখনও অধরা। তাই প্রশ্ন—২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দেখা যাবে কি এই কিংবদন্তিকে?

রোনালদো যেন উত্তর দিয়েছেন মাঠেই। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে এক গোল, ফাইনালে স্পেনের বিপক্ষে সমতাসূচক গোল—এই আসরে করেছেন ৮ গোল। পেছনে ফেলেছেন আর্লিং হালান্ডকেও। আন্তর্জাতিক ফুটবলে ১৩৮ গোল নিয়ে এখনও তিনি দূরদর্শী। মিউনিখের ফাইনালে ৮৮ মিনিট দৌড়েছেন প্রাণশক্তিতে ভরপুর একজন তরুণের মতো। যে হাফ ভলিতে গোল করেছেন, সেটি যেন তরুণ বয়সের সেই ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদোকেই ফিরিয়ে এনেছে। পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজও সম্প্রতি জানিয়েছেন, রোনালদোকে নিয়েই ভাবছেন বিশ্বকাপ পরিকল্পনা।

রোনালদোর কণ্ঠেও বিশ্বকাপের স্বপ্ন—“আমার চোট ছিল, কিন্তু নিজেকে তৈরি করেছিলাম এই টুর্নামেন্টের জন্য। পা ভাঙলেও খেলতাম। আমাদের দেশ ছোট, কিন্তু স্বপ্ন বড়।”
রোনালদো জানিয়ে দিয়েছেন—বয়স নয়, হৃদয়ের আগুনটাই আসল। আর সেই আগুন এখনো জ্বলছে সমান উদ্দীপনায়।

an adbox will go here