ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন মিরাজ, বাদ শান্ত - দিগন্ত জার্নাল

ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন মিরাজ, বাদ শান্ত

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ- ১৪ জুন ২০২৫
মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে এসেছিলেন ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার খুশি ভাগাভাগি করতে। জানাতে চেয়েছিলেন নিজের স্বপ্নপূরণ ও দল পরিচালনায় ভবিষ্যতের পরিকল্পনার কথা। অথচ তাঁকে সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময় ব্যয় করতে হয়, নাজমুল হোসেন শান্তর কাছ থেকে নেতৃত্ব পাওয়ার প্রক্রিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্নের জবাবে।

শান্তর কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে মিরাজকে দেওয়ায় সরাসরি কেউ দোষ না দেখালেও, প্রশ্ন উঠেছে শান্তকে বাদ দেওয়ার পদ্ধতির স্বচ্ছতা নিয়ে। পেশাদারিত্ব উপেক্ষা করে নেতৃত্ব বদল দলের ভেতরে অস্বস্তি তৈরি করবে কিনা—এমন প্রশ্নে মিরাজ বলেন, তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। বরং তিনি আশাবাদী শান্তর সহযোগিতা পাবেন।

এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে দুই বন্ধুর মুখোমুখি বৈঠক। নাজমুল আবেদীন নিজ কার্যালয়ে শান্ত ও মিরাজকে ডেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সিদ্ধান্ত জানান। সভাপতির ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে শান্ত বিষয়টি মেনে নেন বলে জানায় বোর্ডের এক কর্মকর্তা।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে শান্তর সঙ্গে টেস্ট ও ওয়ানডে নেতৃত্ব নিয়ে বিসিবির আলোচনা হয়। তখন শান্তকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র ১০ দিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত পাল্টে যায়। বিসিবি সভাপতি বুলবুল তিন ফরম্যাটে তিন অধিনায়ক চান—এই যুক্তি তুলে ধরেন বৃহস্পতিবারের পরিচালনা পর্ষদের সভায়।

সভায় কিছু পরিচালক এর বিরোধিতা করলেও সভাপতি নিজের অবস্থানে অনড় থাকেন। আগের সভাপতি নাজমুল হাসান পাপনের সময় তিন অধিনায়ক নীতির ব্যর্থতার প্রসঙ্গও উঠেছিল, কিন্তু তা মন পরিবর্তনে প্রভাব ফেলেনি।

বোর্ডের এক কর্মকর্তা বলেন, “সভাপতি সম্ভবত কিছু একটা করে দেখাতে চাচ্ছেন। তাই পরিবর্তনটা এমন হলো।” তবে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বুলবুলের বক্তব্য পাওয়া যায়নি।

নেতৃত্ব যেভাবেই বদলাক, মিরাজ এতে খুশি। আপাতত তাঁকে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “আমি জানি না, তারা কীভাবে সিদ্ধান্ত নিয়েছে। তবে বোর্ড সভার মাধ্যমেই সিদ্ধান্ত হয়। গতকাল ফাহিম স্যার ডেকে নিয়ে বলেন, ‘তোমাকে আমরা দায়িত্ব দিতে চাই। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কারণ সামনে খেলা আছে।’ তখন তিনি আমাকে অধিনায়কত্বের কথা জানান।”

মিরাজের দাবি, ড্রেসিং রুমে এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়বে না, “দিনশেষে সবাই দেশের জন্য খেলি। শান্ত অধিনায়ক থাকাকালে আমি তাকে সাহায্য করেছি, আশা করি সেও আমাকে করবে। আমাদের এই নিয়েই কথা হয়েছে।”

মিরাজও শান্তর মতোই দীর্ঘ মেয়াদে নেতৃত্ব চান, “লম্বা সময় দায়িত্বে থাকলে পরিকল্পনা ঠিক থাকে। এখন যেহেতু দল কিছুটা সংগ্রামে, হয়তো বোর্ড ভাবছে এক বছরে দলকে গুছিয়ে পরে কন্টিনিউ করবে কি না দেখবে।” ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে মিরাজকেই এখন নেতৃত্বের হাল ধরতে হয়েছে।

an adbox will go here