নেত্রকোনার আটপাড়ায় ভারতীয় পণ্যবোঝাই পিকআপসহ দুইজন আটক
সংবাদ প্রতিবেদক: নুরুল হুদা
রবিবার, (১৫ জুন ২০২৫) নেত্রকোনার আটপাড়া উপজেলার মুসলিমপুর এলাকায় ভারতীয় পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আটক হওয়া পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন ২১-৫৭৪৯। এতে থাকা ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন— ১. মামুন মিয়া (৩৬), পিতা: সাইদুর রহমান, গ্রাম: তেলোয়ারি, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ। ২. মো. চন্দন মিয়া (২৭), পিতা: ফজলুর রহমান, গ্রাম: বারোপাড়া, ইউনিয়ন: মুতল্লি, উপজেলা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যবোঝাই একটি গাড়ি ও দুইজনকে আটক করেছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
সীমান্ত ব্যবস্থাপনায় প্রশ্ন এদিকে সীমান্তবর্তী কলমাকান্দা এলাকা হয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটপাড়ায় কীভাবে প্রবেশ করল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বিজিবি, কলমাকান্দা থানা, বারহাট্টা থানা এবং জেলা গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ফাঁকি দিয়ে এত বড় একটি চালান কীভাবে ভেতরে ঢুকল—তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনাটি প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।