পাঁচ সেঞ্চুরিতেও রক্ষা পেল না ভারত, হেডিংলিতে লজ্জার পরাজয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫
হেডিংলি টেস্টে পাঁচটি সেঞ্চুরি করেও ম্যাচ হেরে গেল ভারত। ব্যাটিংয়ে দাপট দেখিয়ে ৮৩৫ রান করেও শেষ পর্যন্ত রেকর্ড রান তাড়ায় ৫ উইকেটে জিতে ম্যাচ নিজের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই পরাজয়ে এক ঐতিহাসিক লজ্জার রেকর্ডে নাম তুলেছে ভারত—টেস্ট ক্রিকেট ইতিহাসে পাঁচ সেঞ্চুরি করেও পরাজিত হওয়া প্রথম দল।
ভারতের বড় রান, কিন্তু ভাগ্যে জয় নেই প্রথম ইনিংসে ৪৭১ রানের বড় স্কোর করেছিল ভারত। যেখানে যশস্বী জয়সোয়াল করেন ১০১, শুভমান গিল ১৪৭ এবং ঋষভ পান্ত ১৩৪ রান। জবাবে ইংল্যান্ডও বড় সংগ্রহ করে—৪৬৫ রান। অলি পোপ ১০৫, হ্যারি ব্রুক ৯৯ রানে আউট হন। সঙ্গ দেন বেন ডাকেট (৬২), জেমি স্মিথ (৪০) এবং ক্রিস ওকস (৩৮)। মাত্র ৬ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং আবারও সেঞ্চুরির ওপর নির্ভর করে। কেএল রাহুল ১৩৭ ও পান্ত করেন ১১৮ রান। কিন্তু বাকিরা হতাশ করেন। সাই সুদর্শনের ২৫ ছিল তৃতীয় সর্বোচ্চ। দলীয় সংগ্রহ ৩৬৪, অর্থাৎ ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রান।
ইংল্যান্ডের ইতিহাস গড়া রান তাড়া হেডিংলিতে সেই রান তাড়া করেই ইংল্যান্ড জয় তুলে নেয় ৫ উইকেটে। অলি পোপ করেন ১৪৯, জ্যাক ক্রলি ৬৫ রান করে দেন ১৮৮ রানের দুর্দান্ত ওপেনিং জুটি। জো রুট অপরাজিত থাকেন ৫৩ রানে। জেমি স্মিথ (৪৪) এবং বেন স্টোকস (৩৩) কার্যকর ভূমিকা রাখেন। এটাই হেডিংলিতে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। হেডিংলির সর্বশেষ ছয় টেস্টেই পরে ব্যাট করা দল জয়ী হয়েছে, যা মাঠটির জন্য ব্যতিক্রমী পরিসংখ্যান।
রেকর্ডে পরিণত হলো ভারতের হার টেস্টে পাঁচ সেঞ্চুরি করেও হারা এই প্রথম। এর আগে একমাত্র অস্ট্রেলিয়া ১৯২৮-২৯ সালে মেলবোর্নে চার সেঞ্চুরি করেও হেরেছিল ইংল্যান্ডের কাছে। ৮৩৫ রানে পরাজিত হয়ে ভারত উঠেছে টেস্টে সর্বাধিক রান করেও হারা চতুর্থ দলের তালিকায়। এর আগে নিউজিল্যান্ড (৮৩৭), পাকিস্তান (৮৪৭) ও ইংল্যান্ড (৮৬১) এমন পরাজয়ের সাক্ষী হয়েছিল।
ভারতের জন্য এটি দ্বিতীয় সর্বোচ্চ লিড থেকেও হার। ইংল্যান্ডের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।