সবার অংশগ্রহণেই বদলাবে পৃথিবী: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস - দিগন্ত জার্নাল

সবার অংশগ্রহণেই বদলাবে পৃথিবী: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার, (২৭ জুন ২০২৫) সাভার প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে, অংশ নিতে হবে সকলে মিলে। বাংলাদেশ চায় না বিষণ্ন বিশ্ব—চায় একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক বিশ্ব।

বৃহস্পতিবার সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে শুরু হওয়া ১৫তম সোশ্যাল বিজনেস ডে-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনেরও অধিক বিদেশি প্রতিনিধি এবং সহস্রাধিক অংশগ্রহণকারী।

প্রধান উপদেষ্টা বলেন, “সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলন। বিগত সরকারের সময় এই দিবস পালনে বাধা ছিল। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো বাংলাদেশে দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করার একমাত্র টেকসই উপায় হচ্ছে সামাজিক ব্যবসা। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাণিজ্যিক মুনাফা নয়, দরকার মানবিক দায়বদ্ধতা। এবারের প্রতিপাদ্য—‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা’—এটি সময়োপযোগী ও গভীর বাস্তবতানির্ভর।”

ড. ইউনূস বলেন, “যেকোনো শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হওয়া উচিত স্বপ্ন দেখা শেখানো। স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়ার পথে সহায়ক হবে বলেও আমি বিশ্বাস করি।”

দু’দিনব্যাপী এই আয়োজনে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

an adbox will go here