বাংলাদেশ–শ্রীলংকা সম্পর্ক জোরদারে অর্থনৈতিক সহযোগিতার ওপর জোর
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | দ্বিপক্ষীয় স্থায়িত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতি দিয়ে বিদ্যমান সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে শ্রীলংকার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন পথ অন্বেষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন দুইপক্ষ। একইসঙ্গে হাইকমিশনার তার নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান।
এ সময় বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে আলোচনায় উঠে আসে বাংলাদেশি ওষুধ কীভাবে শ্রীলংকায় রপ্তানি করা যেতে পারে, সেই সম্ভাবনা ও প্রক্রিয়া।
এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শ্রীলংকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও উন্মুক্ত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম চলতি বছরের শেষে পরবর্তী পর্যায়ের পররাষ্ট্র দপ্তর পরামর্শ (F.O.C) আহ্বানে শ্রীলংকার আগ্রহকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং তাদের প্রস্তাবের প্রশংসা করেন।