গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা: পৌরপার্কে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, ১৬ জুলাই ২০২৫ | গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে সশস্ত্র হামলার জেরে পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেছেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়িবহর লক্ষ্য করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম দফায় ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করে। তবে কিছুক্ষণের মধ্যে তাদের ডিসি অফিসের দিকে সরে যেতে দেখা যায়। দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর একটি দল পুনরায় ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হামলাকারীদের ঠেকাতে সক্রিয় হয়।
পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পুলিশ সদস্যরা ফাঁকা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও মাঝে মাঝে পিছু হটতে বাধ্য হন। হামলায় এখন পর্যন্ত অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ চলছে। প্রশাসন সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে।