হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
নিজের সুস্থতার কথা জানিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
রোববার,২০ জুলাই ২০২৫ | বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের শারীরিক অবস্থা ভালো থাকার কথা জানান এবং যারা খোঁজখবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন,
“আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।”
তিনি আরও বলেন,
“আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যেও কোনো কল্যাণ রেখেছেন।”
রাজনৈতিক নেতাদের খোঁজখবর ও শুভেচ্ছা
ডা. শফিকুর রহমান জানান, অসুস্থতার খবর শুনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তি তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন।
হাসপাতালে স্বল্প সময় অবস্থানকালে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।
ইসলামী নেতৃবৃন্দের পক্ষ থেকেও খোঁজখবর
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, খেলাফত আন্দোলন, এনসিপি ও জমিয়তে ওলামায়ে ইসলামসহ দেশের নানা ইসলামী ও জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ তার প্রতি সহমর্মিতা জানান।
সকলের ভালোবাসার প্রতিদান আল্লাহই দিন
সরকারের বিভিন্ন মহল, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির বলেন,
“তাদের এ ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামীন যেন সকলকে দান করেন।”
স্ট্যাটাসের শেষাংশে তিনি মহান আল্লাহর প্রতি প্রার্থনা করে লেখেন:
“রাব্বুল আলামিন তার এ গোলামকে বাকি জিন্দেগি তার পছন্দমতো মানবতার জন্য কাজ করার তাওফিক দান করুন। আমিন।”