উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫ - দিগন্ত জার্নাল

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ | রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ ঘটনায় আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন ৩১ জন। তাদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন থাকলেও কেউ মারা যাননি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০; ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১; ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬; উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২; উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন, নিহত নেই; শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১ জন, নিহত নেই; ইউনাইটেড হাসপাতালে আহত ২ জন, নিহত ১; এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩ জন, তবে নিহত কেউ নেই।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক—পাইলট তৌকির ইসলাম ও শিক্ষক মাহরীন চৌধুরী। বাকি সবাই শিশু। এ ছাড়া তিনি জানান, বিভিন্ন হাসপাতালে তখন পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৭৮ জন।

এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

an adbox will go here