উত্তরায় বিমান দুর্ঘটনায় পুড়ে অঙ্গার ৫ মরদেহের পরিচয় শনাক্ত
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পাঁচটি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান, দুর্ঘটনার পর ঢাকা সিএমএইচে রাখা অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সিআইডির ডিএনএ ল্যাব বিশ্লেষণের মাধ্যমে পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়।
পরবর্তীতে দাবিদার পরিবারের সদস্যদের থেকে সংগৃহীত ১১ জনের ডিএনএ নমুনার সাথে তুলনা করে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা হয়।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে যাদের মরদেহ শনাক্ত হয়েছে, তারা হলেন: ১. ওকিয়া ফেরদৌস নিধি ২. লামিয়া আক্তার সোনিয়া ৩. আফসানা আক্তার প্রিয়া ৪. রাইসা মনি ৫. মারিয়াম উম্মে আফিয়া
উল্লেখ্য, মর্মান্তিক এই দুর্ঘটনার পর মরদেহগুলোর অবস্থা এতটাই বিকৃত ছিল যে, ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় শনাক্ত সম্ভব হয়নি।