গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানানো বাধ্যতামূলক: ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী - দিগন্ত জার্নাল

গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানানো বাধ্যতামূলক: ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | কাউকে গ্রেফতারের পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু অথবা আইনজীবীকে বিষয়টি জানাতে হবে—এমন বাধ্যবাধকতা যুক্ত করে ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী এনেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “এখন থেকে কাউকে গ্রেফতার করে থানায় নেওয়ার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যেই তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু কিংবা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করতে হবে। এই সময়সীমা কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি হতে পারবে না।

উল্লেখ্য, বাংলাদেশ সংবিধান এবং বিদ্যমান ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে হাজির করার বিধান রয়েছে। পাশাপাশি হাইকোর্টের একটি নির্দেশনায় বলা হয়েছে, গ্রেফতারের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে জানাতে হবে।

নতুন সংশোধনী কার্যকর হলে এই নির্দেশনা আইনগত কাঠামোর মধ্যেই বাধ্যতামূলক দায়িত্বে পরিণত হবে, যা নাগরিক অধিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

an adbox will go here