আল-জাজিরার সাংবাদিকদের ‘হুমকি’ দিলেন ছাত্র ইউনিয়ন নেত্রী!
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, ২৭ জুলাই ২০২৫ | আলোচিত তথ্যচিত্র ‘জুলাইয়ের ৩৬ দিন: উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা’ প্রকাশের পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজিফা জান্নাত।
আল-জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছরের শিক্ষার্থী আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন। তথ্যচিত্রটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের সাক্ষাৎকার তুলে ধরা হয়। তবে সেখানে নাহিদ ইসলাম (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক) এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (স্থানীয় সরকার উপদেষ্টা)– এদের মতো নেতৃত্বদানকারী ব্যক্তিদের বক্তব্য না থাকায় শুরু হয় তীব্র সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মত দেন এএইচএম শাহীন নামে একজন। তিনি অভিযোগ করেন, “আল-জাজিরা কৌশলগতভাবে আন্দোলনের মূলধারাকে পাশ কাটিয়ে সাদিক কায়েমকে সামনে এনেছে। নাহিদ-আসিফের মতো আন্দোলনের আইকনিক মুখদের উপেক্ষা করা হয়েছে।”
এই স্ট্যাটাসকে কেন্দ্র করে নেটমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়। এ সময় ছাত্র ইউনিয়নের নেত্রী নাজিফা জান্নাত নিজ ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসটি শেয়ার করে লেখেন,
“আল-জাজিরার এই রিপোর্ট সংশ্লিষ্ট সাংবাদিকদের কষায়ে থাপড়ানো উচিত। আই মিন সিরিয়াস জবাবদিহিতার মধ্যে আনা উচিত। ছাত্রলীগের আমব্রেলার নিচে ঘাপটি মেরে থাকা সাদিক কায়েম নাকি জুলাই গণঅভ্যুত্থানের কি ফিগার। শেইম!”
এই বক্তব্যকে অনেকেই সাংবাদিকদের প্রতি সহিংস হুমকি হিসেবে দেখছেন। এ বিষয়ে নাজিফার বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে এমন উস্কানিমূলক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সংশ্লিষ্টরা বলছেন, মতপার্থক্য থাকলেও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে সকল পক্ষকে সংবেদনশীল থাকা উচিত।