চকরিয়ায় বাড়ি থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার - দিগন্ত জার্নাল

চকরিয়ায় বাড়ি থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ি থেকে আবদুর রহিম (৬৪) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় আবদুর রহিমের সাত বছর বয়সী নাতি আদিবুর রহমান তুহিন মাদ্রাসা শেষে বাড়ি ফিরে এসে নানার রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। সে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনা দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছি। রহস্য উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে এবং জড়িতদের গ্রেফতারে তৎপরতা চলছে।”

ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কারা বা কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে রহস্য উন্মোচনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

an adbox will go here