লক্ষ্মীপুর গণহত্যা: তিন আসামিকে কারাগারে, তদন্ত প্রতিবেদন ২৮ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ২৮ জুলাই ২০২৫ | জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামিকে শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
আসামিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
এর আগে গত ১৬ জুলাই, একই ঘটনায় দায়ের হওয়া অন্য মামলায় গ্রেফতার থাকা এই তিনজনকে আজ হাজিরের নির্দেশ দেন আদালত। মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার চলমান আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে চার শিক্ষার্থীসহ মোট পাঁচজন শহীদ হন। নিহতরা হলেন—আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি এবং মো. সুজন।
– দিগন্ত জার্নাল (স্লোগান: সাম্যের আহ্বানে)