চাঁদাবাজির খবরে বেদনায় নীল: ফখরুল - দিগন্ত জার্নাল

চাঁদাবাজির খবরে বেদনায় নীল: ফখরুল

গণঅভ্যুত্থানের এক বছরেই এমন অবস্থা, তরুণরা কি এমন পরিণতির জন্য লড়েছিল?

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি। গণঅভ্যুত্থানের এক বছরেই এই অবস্থা! যে তরুণরা দেশ গঠন করবে, তারাই এখন চাঁদাবাজি করছে। আমরা কি এমন পরিণতি চেয়েছিলাম?”

সোমবার (২৮ জুলাই) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, “এত তাড়াতাড়ি যদি এসব ঘটে, তবে ভবিষ্যৎ কী? গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে আছে। হাসিনা পতনের পর এই তরুণদের দিকে তাকিয়ে আছে সবাই। কিন্তু দুঃখ হয়, জোর গলায় বলতে পারছি না যে, এ দেশ নতুন করে গড়ে উঠবে। এমন অবস্থা তৈরি করা হচ্ছে, যাতে ফ্যাসিস্টদের আবারও নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে।”

তিনি আরও বলেন, “হাসিনার বিচারের তো কিছুই দেখতে পেলাম না, এক বছর হয়ে গেল। যারা প্রকাশ্যে হত্যা করল, তাদের কেন গ্রেফতার করা হলো না?”

সংস্কার ইস্যুতে বিএনপির সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, “সংস্কারের বিষয়ে সরকারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়াই করতে জানে। তারেক রহমান চেষ্টা করছেন—বাংলাদেশকে আবার কিভাবে গড়ে তোলা যায়।”

তিনি বলেন, “কোনো একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেনি। শিশু, বৃদ্ধ, শ্রমিক, ছাত্র—সবার অংশগ্রহণেই স্বৈরাচারের পতন ঘটেছে। আর সত্যিকার অর্থে দেশকে পরিবর্তন করতে হলে রিকশাচালক, ভ্যানচালক, কৃষক ও শ্রমিকের মতামতকে গুরুত্ব দিতে হবে।”

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে পুরো জাতি। তাদের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়তে হবে।”

সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “সবাইকে নিয়ে লেখা হয়, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে সেভাবে লেখালেখি হয় না। সাংবাদিক ভাইয়েরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখুন।”

তিনি আরও অভিযোগ করেন, “২০২৪ সালের জুলাই মাসে বিএনপির নেতাকর্মীদের গুম, হত্যা ও গ্রেফতার করা হয়েছে। ডিবি অফিসে নিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। জুলাই আন্দোলনে যুবদলের শহীদ ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন। যার যা অবদান, তা তাকে দিতে হবে। ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা লড়াই করেছে। কিন্তু আজও সেই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি।”

শেষে তিনি বলেন, “বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে দায়িত্বশীল তরুণ নেতৃত্ব গড়ে তুলতে হবে, যার নেতৃত্বে আছেন তারেক রহমান।”

an adbox will go here