জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার (২৮ জুলাই) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয় এবং কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।”

তিনি জানান, বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর। স্থানীয় ও জাতীয় উভয় পর্যায়ে দ্রুততম সময়ে কো-অর্ডিনেশন বাড়ানোর বিষয়টি জোর দিয়ে বলা হয়।

পুলিশ বাহিনীর প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “ইলেকশনের আগে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ দেওয়া হবে।”

এ সময় প্রচারণার সময় ছড়ানো মিথ্যা তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারের বিষয়ে তিনি বলেন, “ইতিমধ্যেই প্রচুর মিস-ইনফরমেশন ছড়িয়ে পড়েছে। সামনে এর পরিমাণ আরও বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় একটি ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে এসব বিভ্রান্তিকর তথ্য যাচাই ও মোকাবেলার ব্যবস্থা থাকবে। এ নিয়ে বৈঠকে বিস্তৃত আলোচনা হয়েছে।”

an adbox will go here