ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ভোটগ্রহণের তারিখও জানানো হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এই তফসিল ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিনকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে জানান, ইতিহাসে প্রথমবারের মতো এবারের ডাকসু নির্বাচন আবাসিক হলের বাইরে মোট ছয়টি কেন্দ্রে আয়োজন করা হবে।
এবারের নির্বাচনে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে।