ছাত্রদল চাইলে দেশ অবরোধ করতে পারে: শাহবাগে রাকিবুল ইসলাম
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, ৩ আগস্ট ২০২৫ | ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদলকে কেউ রুখে দিতে পারবে না। তিনি বলেন, “দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।”
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ ৩ আগস্ট ২০২৫, রোববার রাজধানীর শাহবাগে ছাত্রদল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বেলা আড়াইটার দিকে এই সমাবেশ শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে আরও উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অন্যান্য নেতারা।
রোববার সকাল থেকেই শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই তারা অংশগ্রহণ করেন। যদিও দলীয়ভাবে স্লোগান না দেওয়ার অনুরোধ ছিল, তারপরও কর্মীরা স্লোগানে মুখর করে তোলেন সমাবেশস্থল। দুপুর নাগাদ শাহবাগ ও এর আশপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।: ‘ছাত্রদল চাইলে দেশব্যাপী অবরোধ করতে পারে’