ইশতেহার ঘোষণা করলো এনসিপি: নতুন বাংলাদেশের ২৪ দফা
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, ৩ আগস্ট ২০২৫ | জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের জন্য ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন। রোববার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণসমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার উত্থাপন করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আজকের এই ইশতেহার শুধু আমাদের রাজনৈতিক রূপরেখা নয়, বরং এটি একটি বাস্তবসম্মত রোডম্যাপ। এই পথনির্দেশনা অনুসরণ করে আমরা সংকটের ভেতর থেকেও সমাধানের নতুন দিগন্ত উন্মোচন করব।”
তিনি আরও বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই—যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না ধর্মীয় কিংবা জাতিগত বিভাজন। নারী-পুরুষ সবার সমান অধিকার নিশ্চিত করে একটি সর্বজনীন কল্যাণরাষ্ট্র গঠনই আমাদের অঙ্গীকার।”
সমাবেশে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিকাল ৪টা থেকে শহীদ মিনার চত্বরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলটির নেতারা জানান, নতুন রাজনৈতিক পথচলায় এটি ছিল তাদের প্রথম বড় আকারের গণসমাবেশ, যা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।