নতুন সংবিধানের তফশিলে যুক্ত হবে ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪’
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫ | ঢাকা, ৫ আগস্ট: ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-কে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়ে পরবর্তী নির্বাচনে গঠিত নতুন সরকারের সংস্কারকৃত সংবিধানের তফশিলে এ ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই ঘোষণা পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিকেল ৫টায় শুরু হওয়া এই আয়োজনে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঘোষণাপত্র পাঠকালে ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশের জনগণ চায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দেওয়া হোক এবং শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী ও ছাত্রজনতার জন্য পূর্ণ আইনি সুরক্ষা নিশ্চিত করা হোক।
ঘোষণাপত্রে ২৮টি দফা অন্তর্ভুক্ত রয়েছে যেখানে উঠে এসেছে— পাকিস্তানবিরোধী আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ, পরবর্তী একদলীয় শাসন ও বাকশালের সমালোচনা, ৯০’র গণঅভ্যুত্থান, ১/১১-এর চক্রান্ত এবং শেখ হাসিনার দীর্ঘ শাসনকালকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির নানামুখী বর্ণনা।
এতে আরও বলা হয়, দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট ২০২৪ তারিখে ছাত্র-জনতার গণভবনমুখী উত্তাল যাত্রার মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। এরপর ৮ আগস্ট ২০২৪ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
ঘোষণাপত্রের শেষে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভবিষ্যৎ সংবিধানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এই দলিল অন্তর্ভুক্তির প্রত্যাশা ব্যক্ত করা হয় এবং নতুন নির্বাচনের মাধ্যমে আইনের শাসন, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সংকল্প ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্রসমাজ ও নাগরিক প্রতিনিধিদের ব্যাপক সমাগম দেখা যায়।