হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর দাফনের সময়সূচি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক:
বৈরুত: হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর দাফন সময় এবং স্থান সম্পর্কে আনুমানিক সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন কমিটির প্রধান এ ঘোষণা দেন।
হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা ওয়াফিক সাফা বলেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান চলমান ৬০ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আয়োজিত হবে। এই যুদ্ধবিরতি লেবানন সরকারের আহবানে ও মধ্যস্থতায় ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে চলছে। ২৭ নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আগামী ২৫ জানুয়ারি শেষ হবে।
ওয়াফিক সাফা রোববার হাসান নাসরুল্লাহর নিহতের স্থান পরিদর্শন করার সময় এ ঘোষণা দেন। তিনি আরও জানান, নাসরুল্লাহর উত্তরসূরি হাসেম সাফিয়েদ্দিনের দাফনের প্রস্তুতিও চলছে। কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়।
এ সময় সাফা হুঁশিয়ারি দেন, হিজবুল্লাহ যেকোনো আগ্রাসনের মুখে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর, দখলদার ইসরাইলি বাহিনী নাসরুল্লাহকে দাহিয়া উপকণ্ঠের ভূগর্ভস্থ কার্যালয়ে ভারী বোমা হামলা চালিয়ে হত্যা করে। এরপরই হাসেম সাফিয়েদ্দিনকেও হত্যা করা হয়।
বর্তমানে দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি চলছে, যদিও ইসরাইল ৩৭৯ বার এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে লেবানিজ সরকার এবং হিজবুল্লাহ। এ ঘটনায় অন্তত ৩২ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে, ইসরাইলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর লেবাননের সেনাবাহিনীর পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংস করেছে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।
সূত্র: মেহের নিউজ