উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচনের ভোট শেষ, এখন ফলের অপেক্ষা
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। আটটি কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে এবং ভোটগ্রহণে স্বচ্ছতার ঘাটতি ছিল না।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলেও প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনা ঘটায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। উপাচার্য বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোটের ব্যালট গণনা হবে ১৪টি মেশিনে, যেগুলোর স্ক্যানিং স্পিড ঘণ্টায় ৫০০০ থেকে ৮০০০ পাতা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে।
প্রার্থীদের মধ্যে কেউ কেউ ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন, আবার কেউ বলেছেন নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তবে অন্য প্রার্থীরা শান্তিপূর্ণ ভোট গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার আশা প্রকাশ করেছেন।
এদিকে ভোটের দায়িত্ব পালনের সময় সাংবাদিক তরিকুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। টিএসসি এলাকায় পুলিশের নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়।
ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। হল সংসদে ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।