ডাকসু নির্বাচন: অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন, ৮০% এর বেশি ভোট
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে রাত ১২টার মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে।
ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন জানিয়েছে, কোনো কেন্দ্রে অভিযোগ এলে প্রয়োজনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ভুয়া অভিযোগ দিয়ে কেউ পার পাবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিনেট ভবনের কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এবারের ডাকসু নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না। তিনি বলেন, “বিকেল ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে, আর ৪টার পরেও যারা লাইনে ছিলেন তাদের ভোট নেওয়া হয়েছে।”
কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। একইভাবে টিএসসির কেন্দ্রে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট একজন ভোটারকে দেওয়ার অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
উপাচার্য বলেন, “ভুলক্রমে ছোট কিছু সমস্যা হলেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এসব ঘটনার পুনরায় তদন্ত হবে, আর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচন এখন দেশের একটি গুরুত্বপূর্ণ দাবি। আমরা আশা করি, বিজয়ী ও পরাজিত—সবাই ফলাফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি ছিল না।”