ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে লাইভ প্রদর্শন করা হচ্ছে - দিগন্ত জার্নাল

ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে লাইভ প্রদর্শন করা হচ্ছে

ডাকসু নির্বাচন ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু ভোট, হল সংসদ নির্বাচন, ঢাবি নির্বাচন ফলাফল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের গোলযোগ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলে এবং এখন চলছে ফলাফলের অপেক্ষা।

ভোট গণনায় স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে গণনার চিত্র সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ভোটকেন্দ্রগুলোর সামনে বড় পর্দা বসানো হয়েছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি কেন্দ্রে বাইরে বসানো এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। তবে ঠিক কতটি স্ক্রিন বসানো হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ভোটাররা কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিয়েছেন। মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

রিটার্নিং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ভোট গণনা শেষে রাতের প্রথমাংশেই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

an adbox will go here