ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | দীর্ঘ বিমানযাত্রা শেষে নিউইয়র্কে পৌঁছেই কোনো বিশ্রাম না নিয়ে একের পর এক কর্মসূচিতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত।
বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে কেন্দ্র করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। মার্কিন পক্ষ থেকে রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। এ সময় তিনি জানান, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সার্ক সম্মেলন আয়োজন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এ সংস্থাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ এবং নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
সফরের প্রথম দিনেই তিনি জাতিসংঘ সদর দপ্তরে বেলজিয়ামের রানি মথিল্ড, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন।
মঙ্গলবার দ্বিতীয় দিনে তার কর্মসূচি আরও ব্যস্ত হয়ে ওঠে। সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন তিনি। পরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করেন। একই দিনে তিনি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট: অফিশিয়াল ফার্স্ট লেডিস লাঞ্চ’ ও সামাজিক উদ্ভাবনভিত্তিক অর্থায়ন বিষয়ক বৈঠকেও অংশ নেন। সন্ধ্যায় তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান অধ্যাপক ইউনূস। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। নিউইয়র্কে তিনি ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতে অবস্থান করছেন।