ফ্লোটিলা আটকে বাংলাদেশের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি - দিগন্ত জার্নাল

ফ্লোটিলা আটকে বাংলাদেশের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি

বাংলাদেশ নিন্দা, ফ্লোটিলা আটক, ইসরায়েল গাজা, মানবিক সহায়তা, ফিলিস্তিন সংহতি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, গ্লোবাল সুমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ | গাজার উদ্দেশে মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোর ঘটনায় বাংলাদেশ গভীর নিন্দা জানিয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী এ বহর আটক করেছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের দৃষ্টান্ত।

বাংলাদেশ সরকার অবিলম্বে আটক সকল মানবিক সহায়তাকর্মী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দাবি করেছে। বিবৃতিতে ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারিত্ব সমাপ্ত করতে, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে এবং গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মানবিক সহায়তা বহরটি দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক। গাজার বেসামরিক জনগণ দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার, মর্যাদা ও জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীর কারণে। তাই এ সহায়তার বহরকে গাজায় প্রবেশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করেছে এবং এ ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের মুহূর্তে ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

an adbox will go here