ইলিয়াস আলী গুম: র্যাব সদস্যের স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম এবং হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি ইলিয়াস আলীকে অপহরণ ও হত্যার পেছনে র্যাব কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াডের জড়িত থাকার কথা ফাঁস করেন।
২০১২ সালের ১৭ এপ্রিল শেরাটন হোটেল থেকে বাসায় ফেরার পথে বনানীতে ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসারকে তুলে নেওয়া হয়। জবানবন্দিতে সার্জেন্ট তাহেরুল জানান, অপহরণের পর ইলিয়াস আলীকে হত্যা করে তার লাশ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়।
তাহেরুলের স্বীকারোক্তি অনুযায়ী, এই হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুম তদন্ত কমিশনের প্রতিবেদনেও ইলিয়াস আলীর গুমের ঘটনায় শেখ হাসিনার নির্দেশনার বিষয়টি উঠে এসেছে।
ট্রাইব্যুনালের তদন্তে আরও জানা যায়, জিয়াউল আহসানের নেতৃত্বে ওই কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে ১১ জন এবং আরেক সদস্য ১৩ জনকে হত্যা করেছিলেন।
গুম তদন্ত কমিশনের সুপারিশে এ ঘটনায় সংশ্লিষ্ট দুই সেনাসদস্যকে সেনাবাহিনী থেকে ক্লোজড করা হয়েছে। কমিশনের প্রাথমিক রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন গুম ও হত্যার ঘটনা তার সরাসরি নির্দেশনায় হয়েছিল।
এম ইলিয়াস আলী গুমের আদিঅন্ত প্রকাশিত হওয়ায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।