ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ: ইসি
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী ও তাদের সমর্থকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার স্বার্থে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ কারণে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের চারপাশে ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী বা তাদের সমর্থক মোবাইল ফোন নিয়ে অবস্থান করতে পারবেন না।
নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে— ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন অঙ্গীভূত আনসার বা ভিডিপি সদস্য।
নির্বাচন কমিশন জানিয়েছে, অতীতে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ছবি তোলা, গুজব ছড়ানো কিংবা ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম ও বিশৃঙ্খলা রোধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।