ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস
ঢাকা: সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিয়ে জারি করা বিধিনিষেধের বিষয়ে সাংবাদিকদের জন্য ছাড় দেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য সংগ্রহের স্বার্থ বিবেচনায় সাংবাদিকদের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠি সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা–২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন অঙ্গীভূত আনসার বা ভিডিপি সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হলে কমিশন আশ্বাস দেয়, পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিকদের জন্য এই বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার করা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে বলেও জানায় ইসি।