নির্বাচনে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে ২৪ ঘণ্টার জন্য দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন উপসচিব কাজি আরিফুর রহমান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও গণভোট নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত সব স্থলবন্দরের বহিরাগমনাগমন কার্যক্রম বন্ধ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচনকালীন সময়ে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারে এবং যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে— এমন কেউ যাতে এই সময়ে দেশ ছাড়তে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা রোধেও এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, এই সিদ্ধান্ত নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।