নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । বুধবার, ১১ ফেব্রয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি কার্যক্রম নিরাপদ ও সুষ্ঠু করার জন্য ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন-সংক্রান্ত অপরাধ রোধ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রুত বিচার সম্পন্ন করার লক্ষ্যে ২৯৯টি আসনে মোট ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট পাঁচ দিন দায়িত্বে থাকবেন।
তফশিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও নির্বাচনি থানায় ন্যূনতম দুইজন করে মোট ১,৪৭১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচনি এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় করতে আরও ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। তারা ভোটগ্রহণের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট সাত দিন দায়িত্বে থাকবেন।
সব মিলিয়ে নির্বাচনে মোট ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এই পদক্ষেপ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ বলে ইসি জানিয়েছে।