বেলা ১১পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ১৪.৯৬ শতাংশ: ইসি
দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত সারা দেশে ৩২ হাজার কেন্দ্রে ১৪.৯৬ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
নির্বাচনকে নিরাপদ ও নিশ্ছিদ্র করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল, যার মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ইত্যাদি। বহু বছর পর শঙ্কামুক্ত ভোটদানের প্রত্যাশা নিয়ে গ্রামেগঞ্জে লাখো তরুণ, যুবক ও প্রবীণ ভোট দিতে গেছেন।
২০২৫ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নির্বাচনি মাঠে প্রবেশ করেছে। এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটার অংশ নিচ্ছেন। এছাড়া প্রথমবার প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, এবং একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এবার ২৯৯টি আসনে দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী লড়াই করছেন। ভোট পর্যবেক্ষণের জন্য ইসি হাজারখানেক ড্রোন ব্যবহার করছে। নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ১,৭৫৫ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন অংশগ্রহণ করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন, যার মধ্যে ৬৩ জন বিভিন্ন দলের এবং ২০ জন স্বতন্ত্র প্রার্থী।