শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটে জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
ঢাকা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ভোটগ্রহণ শেষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব প্রমাণ করেছে—গণতন্ত্রের প্রতি জাতির অঙ্গীকার এখনো অটুট।
প্রধান উপদেষ্টা বলেন, জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছে। এ জন্য তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান।
তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ আবারও প্রমাণ করেছে—জনগণই সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আমাদের জন্য আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক ঐতিহাসিক যাত্রা শুরু হলো।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই শান্তিপূর্ণ ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের গণতন্ত্র আরও উৎকর্ষের পথে এগিয়ে যাবে।