মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণ
দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । রোববার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা: আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথের সময়সূচি ও স্থান নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায়।
একই দিনে বিকেল ৪টায় প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ অনুষ্ঠানও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
আইন উপদেষ্টা জানান, এর আগে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবার সেই রীতি ভেঙে সংসদ ভবনে শপথের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় অর্জন করে সরকার গঠনের পথে এগোচ্ছে। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন। অপরদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এর মাধ্যমে প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ ভবনে শপথ আয়োজনের সিদ্ধান্ত নতুন সংসদের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিক মাত্রা দেবে।