রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । রোববার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা:
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকোর্ট–এর একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এই নির্দেশনা প্রদান করেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রমজান মাসের ২১ দিন বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ জানুয়ারি সরকারকে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।
নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ জনগোষ্ঠী মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাই প্রচলিত আইন, প্রথা ও নীতির অংশ। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ব্যতীত কোনো কার্যক্রম গ্রহণ করা যায় না এবং ১৫২(১) অনুচ্ছেদে প্রথা ও রীতিকেও আইনের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
উকিল নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোরদের জন্য রোজা রেখে নিয়মিত স্কুলে যাওয়া শারীরিক ও মানসিকভাবে কষ্টসাধ্য। এতে তাদের রোজা পালনের অভ্যাস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা ধর্মীয় চর্চার ক্ষেত্রে অন্তরায় হতে পারে।
এছাড়া রমজান মাসে বিদ্যালয় চালু থাকলে নগর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয় বলেও নোটিশে উল্লেখ করা হয়।
হাইকোর্টের এই নির্দেশনার ফলে আসন্ন রমজানে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ ছুটি কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।