নেত্রকোণায় শ্রমিকদের মানববন্ধনে হামলা, ৮ জন আহত
দিগন্ত জার্নাল ডেস্ক:
নেত্রকোণায় জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করার সময় হামলা হয়েছে। উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৮ জন শ্রমিক আহত হন।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে শ্রমিকদের মানববন্ধন চলছিল, এ সময় রিপনের সমর্থকরা হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেন। আহতদের মধ্যে সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক, নির্মাণ শ্রমিকসহ অন্যান্য শ্রমিকরা রয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় শ্রমিকরা তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। একই দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃত্ব তারিফুর রহমান রিপনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে।
পুলিশ জানায়, পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।