লন্ডনের পথে খালেদা জিয়া, বিদায় জানাতে লাখো মানুষের ঢল - দিগন্ত জার্নাল

লন্ডনের পথে খালেদা জিয়া, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

দিগন্ত জার্নাল ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গেছেন। (৭ ডিসেম্বর২০২৫) মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি রওনা দেন। বিদায়ের সময় গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন। স্লোগানে মুখরিত সড়কের দুপাশে লাখো মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।

কাতারের চার চিকিৎসকসহ ১৫ জনের একটি দল তার সঙ্গে রয়েছেন। পথে দোহায় যাত্রাবিরতির পর (৮ ডিসেম্বর২০২৫) বুধবার সকালে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে বড় ছেলে তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তাকে অভ্যর্থনা জানাবেন। দীর্ঘ সাড়ে সাত বছর পর মা-ছেলের পুনর্মিলন হবে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনের বাইরেও আলোচনা চলছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল। লন্ডনের চিকিৎসকরা সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালে নেওয়ার পরিকল্পনা রয়েছে। চিকিৎসা শেষে ওমরাহ পালন করে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

বিদায়ের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশনেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন।” বিদায় উপলক্ষে বিমানবন্দরের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

দীর্ঘদিন কারাবন্দি থাকা ও শারীরিক অসুস্থতার পর এই চিকিৎসার সুযোগকে বিএনপির নেতাকর্মীরা স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন। দেশের মানুষও তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

an adbox will go here