৭ বছর পর দেখা হলো মা-ছেলের
দিগন্ত জার্নাল ডেস্ক:
দীর্ঘ সাত বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন।

এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার ছেলে তারেক রহমান, তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পর সরাসরি হাসপাতালে ভর্তি হবেন। কিছুদিন তারেক রহমানের সঙ্গে থাকার পর যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যাবেন।
তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। গত মঙ্গলবার রাতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করেন খালেদা জিয়া এবং কয়েক ঘণ্টা পর লন্ডনে পৌঁছান।
এটি ছিল খালেদা জিয়ার তৃতীয় বিদেশ সফর। তার চোখ ও পায়ের চিকিৎসার জন্য তিনি ২০১৭ সালে প্রথমবার লন্ডনে গিয়েছিলেন।