সরকারের সংস্কার এজেন্ডায় ইআইবির সমর্থন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন এবং বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
নিকোলা বিয়ার বলেন, “আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে এসেছি। আমরা সরকারের সংস্কার এজেন্ডা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে সমর্থন করি।” তিনি প্রযুক্তিগত সহায়তা প্রদানের পাশাপাশি কার্যকর ফলাফল আনতে ইআইবির ভূমিকা রাখার বিষয়ে আশ্বাস দেন।
অধ্যাপক ইউনূসের পরিকল্পনা:
প্রধান উপদেষ্টা দুর্নীতি মোকাবিলা, জ্বালানি খাতের সবুজ রূপান্তর এবং সুন্দরবন ও নদী ব্যবস্থার সুরক্ষায় ইআইবির সহায়তা চান। এছাড়া, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনায় ইআইবির সহযোগিতা কামনা করেন।
তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন শুধু বাংলাদেশ নয়, বরং প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের জন্যও উপকারী হবে।
অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠার জন্য স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
সাক্ষাতে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যরা উপস্থিত ছিলেন।