সরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার সুযোগ চায় স্থানীয় সরকার কমিশন - দিগন্ত জার্নাল

সরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার সুযোগ চায় স্থানীয় সরকার কমিশন

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। বর্তমানে প্রচলিত আইনে সরকারি চাকরিজীবীরা নির্বাচনে অংশ নিতে পারেন না, তবে কমিশনের মতে, এই প্রতিবন্ধকতা তুলে দিলে স্থানীয় সরকার ব্যবস্থায় দক্ষতা এবং সেবার মান বাড়বে।

কমিশন বলছে, বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকেই শিক্ষাগত যোগ্যতার দিক থেকে পিছিয়ে রয়েছেন। এ কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সেবার মান কমছে এবং অনেক জনপ্রতিনিধি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে দক্ষ, শিক্ষিত এবং অভিজ্ঞ প্রার্থীদের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।

সংস্কার প্রস্তাবে বলা হয়েছে, স্থানীয় সরকারের চেয়ারম্যান বা মেয়র সরাসরি নির্বাচিত না হয়ে ওয়ার্ডভিত্তিক নির্বাচিত মেম্বারদের মধ্য থেকে নির্বাচিত হবেন। এতে একক ক্ষমতার অপব্যবহার কমবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কমবে। মেম্বারদের ভোটে চেয়ারম্যান বা মেয়র অপসারণের ব্যবস্থাও রাখা হবে।

একই সঙ্গে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনের নির্বাচন একই দিনে আয়োজন করার প্রস্তাব করা হয়েছে। দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন আয়োজনের বিষয়টিও সুপারিশের অন্তর্ভুক্ত, কারণ দলীয় প্রতীক ব্যবহার সহিংসতা ও নির্বাচনী বিতর্ক বাড়িয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তবে, একই দিনে ভোট আয়োজন এবং সহিংসতা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সংস্কার কমিশন এসব সুপারিশ চূড়ান্ত করে আইনের খসড়া তৈরি করবে, যা স্থানীয় সরকার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে।

an adbox will go here