সীমান্তে অপরাধ দমনে ভারত সহযোগিতা চায় বাংলাদেশের - দিগন্ত জার্নাল

সীমান্তে অপরাধ দমনে ভারত সহযোগিতা চায় বাংলাদেশের

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ-ভারত সীমান্তে অপরাধ রোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ তথ্য জানিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সীমান্ত ইস্যুতে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, “সীমান্তে অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভারতের প্রতিশ্রুতি রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি। নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণ এবং চোরাচালানসহ অন্যান্য অপরাধ দমনে উভয় দেশের মধ্যে বোঝাপড়ার প্রয়োজন।”

এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “বিজিবি ও স্থানীয় জনগণের দৃঢ় অবস্থানের ফলে ভারত সীমান্তের পাঁচটি স্থানে বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের সময়ে ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত কিছু অসম চুক্তি হয়েছে, যা বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

উপদেষ্টা জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত নির্দেশাবলির (১৯৭৫) আওতায় শূন্য রেখার ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষামূলক কোনো স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। শূন্য লাইনের মধ্যে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও পারস্পরিক সম্মতি প্রয়োজন।

বাংলাদেশ-ভারতের ৪,১৫৬ কিমি দীর্ঘ সীমান্তের মধ্যে ভারত ৩,২৭১ কিমি এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে। বাকি ৮৮৫ কিমি এলাকায় এখনো নির্মাণ কাজ বাকি রয়েছে। ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সীমান্তে অপরাধ রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।

an adbox will go here