টিউলিপের সংকটে নতুন আলোচনায় সালমানের ছেলে শায়ান রহমান - দিগন্ত জার্নাল

টিউলিপের সংকটে নতুন আলোচনায় সালমানের ছেলে শায়ান রহমান

দিগন্ত জার্নাল ডেস্ক:
যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপের মধ্যে রয়েছেন। এরই মধ্যে আলোচনায় এসেছেন তার পারিবারিক বন্ধু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান।

২০০৭ সালে ব্রিটিশ রাজার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান শায়ান। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার, তার স্ত্রী এবং বাবা সালমান এফ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, টিউলিপের খালা শেখ হাসিনা লন্ডনে গেলে শায়ানের ১৩ লাখ পাউন্ড মূল্যের বাড়িতে বিনাভাড়ায় থাকতেন। ব্রিটিশ রাজা চার্লস একবার শায়ানের প্রশংসা করে বলেছিলেন, “বাংলাদেশে আমাদের নতুন প্রোগ্রামের তত্ত্বাবধানে শায়ান থাকায় আমি আনন্দিত।”

শায়ানের মুখপাত্র দাবি করেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যুক্তরাজ্যে জন্ম নেওয়া শায়ান আন্তর্জাতিক ব্যবসায়ী এবং কোনো অপরাধে অভিযুক্ত নন।

ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট শায়ানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে নজর রাখছে। এ সংস্থা থেকে তার দেওয়া আড়াই লাখ পাউন্ড অনুদানের প্রসঙ্গ তুলে সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শায়ানের ‘দানশীলতা’ নিয়ে রসিকতা করেন।

শায়ানের বিষয়ে বিতর্ক বাড়লেও তার সমর্থকেরা এটিকে একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে অভিহিত করেছেন।

an adbox will go here