জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার কল রেকর্ডসহ প্রমাণ মিলেছে - দিগন্ত জার্নাল

জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার কল রেকর্ডসহ প্রমাণ মিলেছে

দিগন্ত জার্নাল ডেস্ক:

জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলছে। এর মধ্যে শেখ হাসিনাসহ অভিযুক্তদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের ঘটনায় উল্লেখযোগ্য তথ্যপ্রমাণ হাতে পেয়েছে প্রসিকিউশন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এক ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, গুমের ঘটনায় পাওয়া তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল বলে প্রমাণ মিলেছে। অভিযুক্তদের কল রেকর্ডসহ গোপন আলাপচারিতার তথ্যপ্রমাণও ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।

তানভীর জ্বোহা অভিযোগ করেন, ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার ঘটনা ঘটেছে। তবে প্রসিকিউশন তাদের তদন্ত ও তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রেখেছে।

জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত ৭০৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের সঠিক সংখ্যা নির্ধারণে তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। প্রসিকিউটরদের মতে, এই গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘিত হয়েছে, এবং বিচার প্রক্রিয়ায় সব তথ্যপ্রমাণ সামনে আনা হবে।

an adbox will go here