আদালতের লোহার খাঁচা বিষয়ে হাইকোর্টের নির্দেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের কোন কোন আদালতের ভেতরে এখনো লোহার খাঁচা (কাঠগড়া) রয়েছে এবং কোন আদালত থেকে সরানো হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে আইন সচিবকে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০২৩ সালের ২৩ জানুয়ারি ১০ আইনজীবী অধস্তন আদালত থেকে লোহার খাঁচা সরানোর নির্দেশনা চেয়ে রিট করেন। এর প্রাথমিক শুনানিতে হাইকোর্ট আইন সচিবকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান আদালতকে জানান, ঢাকার আদালত থেকে লোহার খাঁচা ইতোমধ্যে সরানো হয়েছে। হাইকোর্ট জানান, লোহার খাঁচা মানবাধিকারের লঙ্ঘন এবং সভ্য সমাজে এটি অগ্রহণযোগ্য।
পরবর্তী শুনানির তারিখ ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। হাইকোর্ট বলেছেন, চার সপ্তাহের মধ্যে সব খাঁচা সরিয়ে ফেলার বিষয়ে ব্যবস্থা নিতে হবে। যদি সরানো সম্ভব না হয়, তবে আপডেট জানাতে হবে।